বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে টেলিকম মন্ত্রীর আহ্বান

২১ মার্চ, ২০২২ ১৭:১৪  
শিক্ষার্থীদেরকে আইওটি, রোবটিক্স, এআই, ব্লকচেইন পড়ানোর জন‌্য বিশ্ববিদ‌্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে পাঠ করতে শিক্ষার্থীদের প্রতি গুরুত্বারোপ করেছেন মোস্তাফা জব্বার। মন্ত্রী আজ ২১ মার্চ, সোমবার ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ‌্যালয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ‌্যে নর্থ সাউথ বিশ্ববিদ‌্যালয় আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘তোমরা অবশ‌্যই পৃথিবীর অনেক মহামানবের জীবনী অধ‌্যয়ন করবে। যে মানুষটি তোমাদেরকে একটি দেশ দিয়ে গেছেন, যিনি ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেছেন তাকে পাঠ করতে কখনো ভুলবেনা’। মন্ত্রী আরো বলেন, ‘করোনাকালে গত দুই বছরে দেশে ইন্টারনেট ব‌্যান্ডউইথ ব‌্যবহার তিনিগুণের বেশি বৃদ্ধি পেয়ে তা ৩৩শত জিবিপিএস –এ উন্নীত হয়েছে। অথচ ২০০৮ সালে দেশে ব‌্যন্ডউইথের ব‌্যবহার ছিল মাত্র সাড়ে সাত জিবিপিএস । সে সময় এক এমবিপিএস ব‌্যান্ডউথেরে মূল‌্য ছিলো ২৭ হাজার টাকা যা বর্তমানে মাত্র ৬০ টাকায় পাওয়া যায়।’ ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন করতে পারে এ বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বারোপ করে মেধাসত্ত্ব দিয়ে আবিস্কারকে রক্ষা করার তাগিদ দেন। আবিস্কৃত উদ্ভাবনকে বাণিজ‌্যিকীকরণ করার মাধ‌্যমে মানুষের কাছে তা পৌঁছানোর পরামর্শও দেন মন্ত্রী। নর্থ সাউথ বিশ্ববিদ‌্যলয়ের উপাচার্য অধ‌্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ‌্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম‌্যান আজিম উদ্দিন আহমেদ এবং উপ-উপাচার্য অধ‌্যাপক মু. ইসমাইল হোসেন বক্তৃতা করেন। পরে শিশু-কিশোরদের জন‌্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করেন এবং বিবিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার, জিম, পাঠাগার, ক্যান্টিন ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রী ।